বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক হয়েছেন। গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানা এলাকায় অভিযান বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করাসহ দুই চোরকে হেফাজতে নেওয়া হয়। এই সফল অভিযানে নেতৃত্ব দিয়েছেন বরিশাল বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ তৌফিক ফেরদৌস শোভন।
বন্দর থানা পুলিশ জানায়, মোটরসাইকেল দুটি তাদের আওতাধীন এলাকা থেকে চুরি হয়। এই ঘটনায় মালিক মো. আরিফ বাদী হয়ে গত ২৭ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফসহ চারজনকে আসামি করা হয়। মামলাটি পুলিশ তদন্ত শুরু করে এবং একপর্যায়ে নিশ্চিত হয় মোটরসাইকেল দুটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আছে।
বৃহস্পতিবার থানা পুলিশের এসআই শেখ তৌফিক ফেরদৌস শোভনের নেতৃত্বে একটি টিম সেখানে পৌছে যায়। এবং তারা টুঙ্গিপাড়া পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল দুটি উদ্ধার করাসহ দুই চোর শ্রীরামকান্দির বাসিন্দা সোহেল আরমান শরীফ (৫০) এবং শিমুল সরদারকে (২৬) হেফাজতে নেয়।
মোটরসাইকেল উদ্ধারসহ ২ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পুলিশ কর্মকর্তা জানান, আটক দুইজনকে শুক্রবার আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।’
