বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব!

নিজেস্ব প্রতিবেদক | ২১:২৩, আগস্ট ১৪ ২০২৬ মিনিট

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্রিজের যাত্রী ছাউনির ভেতরে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। খবর পেয়ে তাৎক্ষণিক বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয় ব্যবসায়ী মো. লিটন হোসেন বলেন, প্রথমে দেখতে পেয়ে কিছু কাপড় ও ব্যানার দিয়ে আগলে রেখেছি। লোকজনসহ বিষয়টি বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে জানাই। তারা এসে মা ও নবজাতকের নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন অসহায় এই নারীর পরিচয় এবং স্বজনদের সন্ধান করা দরকার। এবং মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।’