চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ইউনিয়নের আটহাজার গ্রামের ভারানী (বাইপাস) খালের উত্তর দিকের আড়িয়াল খাঁ নদীর মুখ থেকে স্থানীয়রা তাদের আটক করে বরিশাল সদর নৌ থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হিজলার বড় জালিয়া ইউনিয়নের উত্তর বাউশিয়া গ্রামের মৃত বেলাল চৌকিদারের ছেলে মো. ইমাম হোসেন চৌকিদার ওরফে ইমরান (২৫), মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামের চর গ্রামের মো. লালমিয়া প্যাদার ছেলে মো. মাসুদ প্যাদা ওরফে হানিফ প্যাদা (৩৬) এবং পটুয়াখালীর মহিপুরের নিজামপুর এলাকার মো. নিজাম হাওলাদারের ছেলে মো. সাগর হাওলাদার (২৮)। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীপথে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন প্রথমে চারজনকে আটক করেন। পরে তাদের বরিশাল সদর নৌ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরিশাল সদর নৌ থানার ওসি অসীম কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
