সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি

নিজেস্ব প্রতিবেদক | ১৮:২৮, আগস্ট ১০ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালুর দাবিতে বরিশালে একক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করেন সাধারণ সচেতন নাগরিক সজল কুমার পাল।

কর্মসূচিতে সরকারি হাসপাতালে দিন-রাত ২৪ ঘণ্টা পরীক্ষার সুযোগ চালু, সরকারি মূল্যে সাধারণ মানুষের জন্য ডায়াগনস্টিক পরীক্ষা নিশ্চিত এবং অব্যবহৃত সরকারি স্বাস্থ্য বাজেট কার্যকরভাবে ব্যবহারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে আয়োজক সজল কুমার পাল বলেন, সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান ল্যাব ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার অবকাঠামো থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তা ২৪ ঘণ্টা সচল থাকে না। ফলে জরুরি সময়ে রোগীদের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি টাকা ব্যয় করে পরীক্ষা করাতে হয়। সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালু করা গেলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি সরকারি রাজস্বও বাড়বে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে শিফটভিত্তিক জনবল নিয়োগ দিয়ে রাতের বেলায়ও পরীক্ষা-নিরীক্ষা চালু করা সম্ভব। পরীক্ষার ফি ডিজিটাল পদ্ধতিতে আদায় করে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হলে অনিয়ম ও অর্থ আত্মসাতের সুযোগও কমবে।

কর্মসূচিতে বলা হয়, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ল্যাব চালু হলে রাতের বেলায় রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য কমবে। একই সঙ্গে পরীক্ষার সুযোগ সহজলভ্য হওয়ায় রোগ নির্ণয় দ্রুত হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা কমানো সম্ভব হবে বলে দাবি করা হয়।

কর্মসূচিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কয়েকটি জরুরি পরীক্ষার মূল্যের তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়। আয়োজকের দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি মূল্যে CBC ২০০ টাকা, RBS ৬০ টাকা, সিরাম ক্রিয়েটিনিন ৫০ টাকা, SGPT ৭০ টাকা, HBsAg ১৫০ টাকা, Urine R/E ২০ টাকা, Chest X-ray ২০০ টাকা এবং Ultrasonogram W/A ২২০ টাকা। এসব পরীক্ষার মোট সরকারি মূল্য ৯৭০ টাকা। অন্যদিকে একই পরীক্ষাগুলোর বেসরকারি মূল্য যথাক্রমে ৪০০, ২৫০, ৪০০, ৫০০, ৭০০, ৩০০, ৬০০ ও ১ হাজার ৪০০ টাকা; মোট ৪ হাজার ৫৫০ টাকা বলে কর্মসূচিতে উল্লেখ করা হয়।

আয়োজকের দাবি, সরকারি হাসপাতালে পরীক্ষার সুযোগ সহজলভ্য না থাকায় সাধারণ মানুষকে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অবস্থান কর্মসূচি থেকে সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার ফি আদায় এবং বিদ্যমান ল্যাব ও যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয়।