বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

নিজেস্ব প্রতিবেদক | ২২:৪০, আগস্ট ০২ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এসএম জুলফিকার। রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটর মেকানিক রিপন কাজীকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, পায়ের ওপর পা তুলে চা পান করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে একদল যুবক রিপন কাজীকে কুপিয়ে জখম করে। এ ঘটনার খবর পেয়ে সাংবাদিক এসএম জুলফিকার ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের চেষ্টা করলে হামলাকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক এসএম জুলফিকার জানান, “সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়।”

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় যুবদল কর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, তার ভাই সবুজ হাওলাদার এবং স্থানীয় রিয়াজ উকিলের নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে রাসেল হাওলাদার বলেন, “এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে মিথ্যাভাবে জড়ানো হচ্ছে।” অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, “একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ এই হামলা চালিয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

অপরদিকে, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন। এক বিবৃতিতে সংগঠনগুলোর নেতৃবৃন্দ অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।