বরিশালে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে জরিমানা

নিজেস্ব প্রতিবেদক | ২২:২০, আগস্ট ০২ ২০২৬ মিনিট

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৭ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (১ আগস্ট) মধ্যরাতে বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরমোনাই নাইন্দার চর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন বরিশাল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৭ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া, আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।