বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের সাততলা ভবনের পাশের ঝোপঝাড়ে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা গাছগুলো সেখানে রোপণ করেছিল।
তিনি জানান, গাছগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা এগুলো রোপণ করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে গাঁজা গাছ দুটি আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
