বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে গাছ উপড়ে ফেলার অভিযোগ, ন্যায্য বণ্টনের দাবি
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা এস.এম রুবেল মাহমুদ পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ, গাছ উপড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন।
তার পূর্বপুরুষরা বাড়ি নির্মাণের সুবিধার্থে মৌখিকভাবে অনুমাননির্ভর জমি ভাগ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। আউলিয়াপুর মৌজার ৩৩১১ নম্বর দাগে ৫৯ শতাংশ জমির একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর ওই দাগের ওয়ারিশদের অনেকে অন্যত্র বসতি স্থাপন করেন।
তবে বহুবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত আইনগতভাবে প্রাপ্য জমির সুষ্ঠু বণ্টন করা হয়নি। বিষয়টি নিয়ে ওয়ারিশদের সাথে বার বার আলোচনা করা হলেও সুষ্ঠু নিরপেক্ষ কোন সমাধান হয়নি।
চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে এস.এম রুবেল মাহমুদ তার দাবি অনুযায়ী নিজ অংশের জমিতে মেহগনি ও রেন্ডিসহ বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন। পরে একই সম্পত্তির ওয়ারিশ মো. আলম শিকদার, পিতা-মৃত আমজাদ শিকদার, ওই গাছগুলো উপড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিবাদ করলে মো. আলম শিকদার ও তার ছেলেরা রুবেলকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এস.এম রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ন্যায্য প্রাপ্য জমির আইনগত বণ্টন নিশ্চিত করার পাশাপাশি গাছ উপড়ে ফেলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত মো. আলম শিকদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
