ডিজিটাল ও স্মার্ট লেনদেন সম্প্রসারণে অনন্য উদ্যোগ গ্রহণ করেছে পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখা। “এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর” স্লোগানকে সামনে রেখে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটি অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকেও ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ২৬ শে জুলাই রবিবার নগরীর সদর রোড এলাকায় অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক মাহতাব তালুকদারের হাতে বাংলা কিউআর কোড তুলে দেয় পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখা। এর মাধ্যমে তিনি এখন নগদ অর্থের পাশাপাশি কিউআর স্ক্যানের মাধ্যমে সহজেই আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখার ডিজিএম অ্যান্ড হেড অব ব্রাঞ্চ মো. ইদ্রিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল রিজিওনাল অফিসের এজিএম উজ্জ্বল হালদার, বাজার রোড শাখার এজিএম ও হেড অব ব্রাঞ্চ মো. ফরিদুল ইসলাম, হসপিটাল রোড শাখার এজিএম ও হেড অব ব্রাঞ্চ সৈয়দ জাহিদুল ইসলাম, বরিশাল রিজিওনাল অফিসের এডিসি ইনচার্জ মো. আমিনুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখার গাজী মো. সালমান।
এ সময় প্রধান অতিথি মোঃ ইদ্রিসুর রহমান বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজ, নিরাপদ ও আধুনিক আর্থিক লেনদেনের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও পূবালী ব্যাংক গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
