পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে টোল কালেক্টর সজল আহমেদ সৈকত (৫০) মারা গেছেন।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পায়রা সেতুর উত্তর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত সজল আহমেদ সৈকত পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌরসভা এলাকায়। ঘটনার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) বাদ জোহর ময়মনসিংহ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
দীর্ঘদিন দায়িত্বশীলতার সঙ্গে কর্মরত সৈকতের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।