পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫৬, জুলাই ২৭ ২০২৬ মিনিট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। রোববার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি আগে ঘটবে, ততদিন পর্যন্ত তার এ নিয়োগ কার্যকর থাকবে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বগুড়া জেলার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ২০০২ সালে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি অভিজ্ঞ। বর্তমানে ওশানোগ্রাফি অনুষদের ডিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। গবেষণায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলনবিল এলাকার মাটির শ্রেণিবিন্যাস বিষয়ে গবেষণা সম্পন্ন করে ২০১৭ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া চলনবিলের মাটির ব্যবস্থাপনা বিষয়ে একটি গবেষণাগ্রন্থও রচনা করেছেন। প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত সম্মানের, একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। আমার ওপর অর্পিত এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।’