বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

নিজেস্ব প্রতিবেদক | ২২:১৭, জুলাই ২১ ২০২৬ মিনিট

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এর আগে রংপুর, সিলেট, খুলনাসহ দেশের ৬ বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকা বিভাগেও দিনভর মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। এ ছাড়া সিলেটে ৮৪ মিলিমিটার, চাঁদপুরে ৯৪ মিলিমিটার, খুলনার মোংলায় ১০০ মিলিমিটার, বরিশালে ৬৩ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার এবং ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’