এতিম কন্যার বিয়েতে অভিভাবক হলেন পিরোজপুরের ডিসি

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫০, জুলাই ১৩ ২০২৬ মিনিট

পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা পিতামাতাহীন এক তরুণীর বিয়ের আয়োজন করে করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে রবিবার রাতে অনুষ্ঠিত এ আয়োজনে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ।

তিনি আনুষ্ঠানিকভাবে কনে সুহানি আক্তারকে বরের হাতে তুলে দিয়ে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

জানা গেছে, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই বেড়ে ওঠার পর প্রাপ্তবয়স্ক হলে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানসহ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিয়েকে ঘিরে শিশু পরিবারে বসবাসরত এতিম ও দুস্থ শিশুদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সহপাঠীর নতুন জীবনের সূচনায় তারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।

বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। জেলা প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবিদার।

ডিসি আবু সাঈদ বলেন, এটি শুধু একটি বিয়ের আয়োজন নয়, মানবিকতা, দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতীক। সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা প্রতিটি শিশুই রাষ্ট্রের সন্তান। তাদের নিরাপদ ভবিষ্যৎ, শিক্ষা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।