বরগুনায় নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল যুবকের পা বাঁধা বস্তাবন্দি মরদেহ

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৭, জুলাই ১৩ ২০২৬ মিনিট

বরগুনায় নিখোঁজের দুইদিন পর মো. শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমড়াঝুড়ি নামক এলাকার নিজ বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিপন হাওলাদার ওই এলাকার বাসিন্দা মো. সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারে সঙ্গে খাবার খেয়ে ঘর থেকে বের হন শিপন। এরপর গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও শিপনের কোনো সন্ধান পাননি। পরে আজ দুপুরের দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিখোঁজ শিপনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, ঘটনাস্থলে পৌঁছে পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি শিপনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিপনের বাবা মো. সোহরাব হাওলাদার বলেন, আমি ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করি। কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার ছেলেকে কে বা কারা মেরেছে আমি কিছুই জানি না।

ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় পা বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে কেউ মেরে মরদেহ ফেলে গিয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।