রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক|২২:৪০, জুলাই ১০ ২০২৬ মিনিট
রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের রাজনৈতিক সংকটকালেও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এবং কো-চেয়ারম্যান ডা. জোবাইদা রহমান জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত ধারার রাজনীতির বাইরে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। খাল খনন, সবুজায়ন এবং মানুষের দৈনন্দিন প্রয়োজনকে রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সামাজিক কর্মসূচি, রাজপথের আন্দোলন এবং বুদ্ধিজীবীদের সম্পৃক্ত করে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রশাসনিক ভবনের সামনে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ছাত্রদল নেতারা। পরে দুপুর ১২টা ১০ মিনিটে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।
৪৫তম শাহাদাৎবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।