বিটিএমএ’র কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক এস এন পলাশ

নিজেস্ব প্রতিবেদক | ০০:৩৫, জুলাই ১০ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের পেশাজীবী টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক  সাংবাদিক এস এন পলাশ। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে পর্যটন নগরী কুয়াকাটার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা ও সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে এস এন পলাশসহ ১১ জন সাংবাদিক নির্বাচিত হন। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন এস এন পলাশ। মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত সততার কারণে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ। বর্তমানে তিনি জাতীয় দৈনিক যুগান্তর এর বরিশাল ব্যুরো হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস এ গত পাঁচ বছর ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক দৈনিক দেশ জনপদ-এর নির্বাহী সম্পাদক হিসেবে সংবাদপত্রটির সম্পাদনা ও সংবাদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সহকর্মীদের মতে, সাংবাদিকতার পাশাপাশি নবীন সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়ন, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং পেশাগত ঐক্য প্রতিষ্ঠায় এস এন পলাশের অবদান উল্লেখযোগ্য। তার এই নির্বাচিত হওয়া বরিশালের সাংবাদিক সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করবে বলেও তারা মনে করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও রয়েছেন আজাদ আলাউদ্দিন (দৈনিক নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (দৈনিক বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ), শাহে আলম (দৈনিক সংগ্রাম), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি নিউজ), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) এবং নাজমুল রিপন (বাংলা টিভি)। সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুম্মান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিটিএমএ আরও কার্যকর ভূমিকা পালন করবে। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এস এন পলাশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্ব বিটিএমএর কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।