বরিশালে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. বজলুর রশিদ বয়াতীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত বজলুর রশিদ বয়াতী মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে নিহত মাহবুব আলম বাবু রাড়ীর সাথে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ১৮ জুন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুবের ভোগদখলীয় জমিতে দোকানঘর তুলতে গেলে বজলুর রশিদসহ অন্য আসামিরা তাতে বাধা দেয়।
এরই ধারাবাহিকতায়, গত ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেন্দিগঞ্জের চুনারচর ৮ নং ওয়ার্ডের আক্তার পোদ্দারের দোকানের সামনে ওত পেতে থাকে আসামিরা। মাহবুব আলম সেখানে পৌঁছানোমাত্রই বজলুর রশিদের নেতৃত্বে লোহার রড, হাতুড়ি ও কাঠের লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত ও এলোপাতাড়ি হামলা চালানো হয়।
মাহবুবের চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মাহবুবকে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামির অবস্থান শনাক্ত করার পর র্যাব-৮ এবং র্যাব-১০ এর সদর কোম্পানির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার গেন্ডারিয়া থেকে প্রধান আসামি বজলুর রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এই মামলার অপর এজাহারনামীয় আসামি জাহাঙ্গীরকে (৫৩)-এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
