শেবাচিমের প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা, একাধিক সিদ্ধান্ত গ্রহণ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের ‘গ্রীন লাউঞ্জ’ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবীন চিকিৎসকদের আর্থিক সহায়তা প্রদান ও বর্তমান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত সেমিনারসহ কল্যাণকর নানান বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
সভায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান এবং শেবাচিমের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মেধাবী ও অসচ্ছল নবীন চিকিৎসকদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান, সদস্য ও তাঁদের পরিবারের জরুরি চিকিৎসা সহায়তার লক্ষ্যে বিশেষ সেল গঠন, চিকিৎসা সহায়তা সেল চালু, বর্তমান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গাইড লাইনের জন্য নিয়মিত সেমিনার আয়োজন এবং সমিতির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।
এ ছাড়া সাংগঠনিক সম্প্রসারণ, আঞ্চলিক সমন্বয়ক কমিটি গঠন, বনভোজন, ইফতার মাহফিল এবং ‘এসবিএমসি ডে’ উদযাপনের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সমিতির ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, ‘দল-মত নির্বিশেষে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর মধ্যে পেশাগত ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।’ পাশাপাশি তিনি একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
