বরিশালে বিএনপি-ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজেস্ব প্রতিবেদক | ২২:২৩, জুন ১১ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩৩ জন আহতের দাবি করা হলেও পুলিশ বলছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।   বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।   উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারের দাবি, তাদের তিনজন নেতা গুরুতর আহত হয়েছে। এর মধ্যে দুইজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উজিরপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডিএম আলামিন দাবি, তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন।   ২ জুন মাদ্রাসা শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজকে হেনস্তা ও তার বসতবাড়ি দখলের অভিযোগে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।   পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের’ উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় পুলিশ এসে তাদের অনুমতি ছাড়া এবং আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কর্মসূচি পালনে নিষেধ করেন। এ নিয়ে ওসি রকিবুলের সঙ্গে মানববন্ধনকারীদের কথাবার্তা চলছিল। এ সময় বিএনপি নেতা শাহিন হাওলাদার এসে মানববন্ধনকারীদের একটি ফেস্টুন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।   এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। কিন্তু তারা বিএনপি নেতাদের ধাওয়া দিয়ে উপজেলা পরিষদের ভেতর নিয়ে যায়। তখন দুই পক্ষ পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএনপি নেতাদের উপজেলা পরিষদে ও ইসলামী আন্দোলনের নেতাদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।   বিএনপি নেতা শাহিন হাওলাদারের অভিযোগ, উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়েছিলাম। এ সময় উপজেলা পরিষদের সামনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মানববন্ধন দেখে বের হই। আমাকে দেখে তারা হামলা চালায়।   হামলায় উপজেলা যুবদলের সদস্যসচিব ফয়েজ মোল্লা ও জসিম চোকদারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’   উজিরপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডিএম আলামিন বলেন, বিএনপি নেতা শাহিন হিন্দুদের সামনে রেখে জমি দখলের চেষ্টা করছেন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষক ফিরোজকে হেনস্তা করে তার ভবন দখলের চেষ্টা করেন তারা।”   এ ঘটনার প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। ওসি আসার পর তার সামনে বিএনপি নেতা শাহিন হাওলাদারের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এতে দুইজন গুরুতরসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় মামলা করা হবে।   ওসি রকিবুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষক ফিরোজের সঙ্গে হিন্দুদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে আলাদা দুটি মামলা চলছে। একটি পুলিশ ও অপরটি সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করছেন।   আদালতে বিচারধীন মামলা নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে তাদের নিষেধ করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি”, বলেন তিনি।   অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।