বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন ম’র’দে’হ উদ্ধার
বরগুনায় নিখোঁজ হওয়ার পর মো. শামীম (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত তার মাথার সন্ধান পাওয়া যায়নি।
নিহত শামীম বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মনসুর আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম স্থানীয় গৌরীচন্না বাজারে হাঁস-মুরগির ব্যবসার পাশাপাশি জমি কেনাবেচা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে বাজারে যান। রাত গভীর হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে শামীমের ছোট ভাই সোহেল গৌরীচন্না বাজারে গিয়ে স্থানীয়দের কাছে খোঁজ নেন। এ সময় কয়েকজন জানান, রাতে বাজার সংলগ্ন একটি ব্রিজের পাশে তাকে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। পরে ওই স্থানে গিয়ে রক্তের দাগ ও একটি জুতা দেখতে পান তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় খালের কচুরিপানার ভেতর থেকে শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা মরদেহটি শনাক্ত করেন।
নিহত শামীমের ছোট ভাই সোহেল বলেন, রোববার রাত তিনটার দিকে আমি খবর পেয়েছি বড় ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, রাতে ব্রিজের পাশে গাছে বসে থাকতে দেখেছেন। তাদের কথা অনুযায়ী ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে আমরা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে ভাইর মরদেহ উদ্ধার করেছে।
বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, বরগুনা সদর থানা পুলিশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমদের ডুবুরি দল না থাকায় পটুয়াখালী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে এর মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে গৌরীচন্না এলাকায় শামীম নামে এক ব্যবসায়ীর নিখোঁজ থাকার বিষয়টি জানা যায়। এরপর গৌরীচন্না বাজার সংলগ্ন এলাকায় রক্তসহ বিভিন্ন ধরনের আলামত পাওয়ার তথ্য মেলে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্রিজের পাশে রক্তের দাগ, একটি জুতা পড়ে থাকা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত শনাক্ত করে।
