কলাপাড়ায় ছুরিকাঘাতে কিশোরকে হত্যা, গ্রেপ্তার ৩

নিজেস্ব প্রতিবেদক | ২২:১০, মে ৩১ ২০২৬ মিনিট

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিয়াদ (১৭), সজীব খান (১৭) এবং হৃদয় মোল্লা (১৮) নামের তিন যুবককে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।’