পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
পটুয়াখালীর মির্জাগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের রাঢ়িবাড়ী বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মীর তৈয়ব আলী (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।
বুধবার (২৭ মে) সকাল ৯টার দিকে বরগুনা থেকে বরিশালগামী ‘নব দিগন্ত’ পরিবহনের একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত পিয়ারা বেগমকে (৫০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
