ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি

নিজেস্ব প্রতিবেদক | ২২:৩৪, মে ২৪ ২০২৬ মিনিট

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (২৩ মে) ভোররাতে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গফুরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বহু বছরের কষ্টার্জিত পুঁজি হারিয়ে এখন নিঃস্ব তারা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ গফুরগঞ্জ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে পুরো বাজার এলাকায় আতঙ্ক দেখা দেয়। আগুনের তীব্রতা এবং দোকানে গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক সংযোগ থাকায় স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর সাহস পাননি। ফলে ব্যবসায়ীরা তাদের দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. বিল্লাল হোসেন, সোহেল, নজরুল, নিজাম খলিফা, জাহাঙ্গীর, আহসান ও হাসান। আগুনে তাদের সার, ওষুধ, কীটনাশক ও মুদি সামগ্রীসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিল্লাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, কিছুদিন আগে আমার বাড়িতে চুরি হয়েছিল। তাই নিরাপত্তার স্বার্থে ব্যবসার ১০-১১ লাখ টাকা দোকানেই রেখেছিলাম। এছাড়া দোকানে সার, ওষুধ ও কীটনাশকসহ বিপুল মালামাল ছিল। নগদ টাকা ও মালামাল মিলিয়ে আমার প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব। এদিকে আগুনে অন্য ৬ ব্যবসায়ীরও প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়। বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাই জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আমরা ১০ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে তার আগেই বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।