পিরোজপুরে স্কুল ফিডিংয়ের ডিম ভাগাভাগির ভিডিও ভাইরাল, সেই শিক্ষক বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ফিডিংয়ের ডিম ভাগাভাগির কেলেঙ্কারির ঘটনায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ৬৫ নং সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার নাম হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২১ মে) পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়েছে, মঠবাড়িয়ার ৬৫ নং সুর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত একটি ভিডিয়ো ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে ২১ মে থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
উল্লেখ্য, মঠবাড়িয়ার স্কুল ফিডিং কার্যক্রমের খাবার সরবরাহকারী ঠিকাদার ও দুই স্কুল শিক্ষকের মধ্যে ডিম ভাগাভাগির একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও দৈনিক শিক্ষাডটকম এ গত ১২ মে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়। এতে স্থানীয়রা এই কাণ্ডের তদন্ত করে বিচার দাবি করেন।
