পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম নামের এক সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দারোগার তবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুই সন্তানের জননী মরিয়ম প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন। ৮ দিন আগে গ্রামের বাড়িতে ফেরেন তিনি। এরপর থেকে স্বামীর সঙ্গে কলহ শুরু হয় তার। রোববার মরিয়মের কাছে টাকা না পেয়ে তাকে মারধর করেন নাসির। ভোরে শ্বশুরের কাছে ফোনে জানান–তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ সকালে বাড়ির উঠানে মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।