বিসিসি থেকে রূপাতলীর কোরবানির পশুর হাটের দায়িত্ব কাউকে না দেওয়া হলেও গেট নির্মাণ!

নিজেস্ব প্রতিবেদক | ২২:২২, মে ১৭ ২০২৬ মিনিট

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর নিয়মনীতি না মেনে নগরীর ‘রূপাতলী অস্থায়ী পশুর হাটে’ এর কার্যক্রম শুরু করেছে স্থানীয় সাবেক কাউন্সিলার ও তার জামাইয়ের লোকজন। পবিত্র ঈদুল উল আযহা উপলক্ষ্যে বরিশাল দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় গত বছরগুলোতে বসানো পশুর হাটের গেটের স্থানেই ডেকোরেটরের বাঁশের ওপর কাপড় দিয়ে গেট নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিসিসি’র প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, এখন পর্যন্ত কাউকে পশুর হাটের দায়িত্ব দেওয়া হয়নি। কীভাবে গেট নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়? যারা গেট নির্মাণ করছে তাদের কাছ থেকে একটু জানেন- কীভাবে করছে? রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় সরেজমিন পরিদর্শনকালে স্থানীয়দের সাথে আলাপ করলে নাম পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বলেন, পশুর হাটের গেট নির্মাণ করছেন- নগরীর ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মো. ফিরোজ আহমেদ ও তার জামাই ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মো. রিয়াজুল রহমান রিয়াজ। শ্বশুর ও জামাইয়ের সাথে রয়েছেন ২৪ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, যুবদলের আহ্বায়ক জামান খান ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিসিসি থেকে কাউকে এখন পর্যন্ত রূপাতলীর অস্থায়ী পশুর হাটের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। তাহলে কীভাবে গেট নির্মাণ কার্যক্রম সম্পন্ন হলো? জানতে চাইলে সাবেক কাউন্সিলার মো. ফিরোজ আহমেদ বলেন, বিসিসি’র প্রশাসকের সাথে কথা হয়েছে। পশুর হাটটি আমাদের দেওয়া হবে। আমাদের বলতে তিনি বলেন, নগরীর ২৪ ও ২৫ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে দেবে বিসিসি কর্তৃপক্ষ এবং যুব সমাজের উদ্যোগে গেট নির্মাণ হয়েছে। ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মো. রিয়াজুল রহমান রিয়াজ বলেন, গেট নির্মাণের স্থানে আমি এমনিতেই গিয়েছিলাম। তবে যতদূর জানি এ বছর পশুর হাটটি সবাইকে মিলিয়ে দেওয়া হবে। কিন্তু বিষয়টি সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবেন- বিএপি নেতা আবুল কালাম আজাদ। ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত বিসিসি কাউকে পশুর হাটের অনুমোদন বা ইজারা দেয়নি এ কথা সত্য। তবে সব বিএনপি নেতা কর্মীরা মিলে আনার চেষ্টা চলছে। বিসিসির অনুমতি পাওয়ার আগেই গেট নির্মাণ কার্যক্রম সম্পন্ন- তা জানতে চাইলে তিনি বলেন, একটু তো সমস্যা আছেই। নয়তো প্রশ্ন থেকেই যায়, এমনটা হবে কেন? আগামী ২/১ দিন মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানেন না। খোঁজ খবর নেয়ার পর জানাতে পারবো। ২৪ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জামান খান বলেন, এ বিষয় নিয়ে আমি মুঠোফোনে কোনো কথা বলবো না। আপনি সরাসরি আসলে সাক্ষাতে কথা বলবো। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘রূপাতলী অস্থায়ী পশুর হাট’ ইজারা নিতে বিসিসি কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন একাধিক ব্যক্তি। এ হাটের অনুমোদন বা ইজারার বিষয় কোনো কিছুই এখন পর্যন্ত প্রকাশ পায়নি। অথচ গেট নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মূলত এ হাট নিয়ে বিএনপি নেতা কর্মীরা কয়েকভাবে বিভক্ত হয়ে গেছে। নেতা কর্মীদের মধ্যে ঘটনাটি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। শেষ পর্যায় বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান না হলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিসিসি প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষ্যে স্থায়ী ১টি ও অস্থায়ী ৩ টি প্রধান পশুর হাটের অনুমোদন দেয়। হাটগুলোর মধ্যে স্থায়ী হলো : – বাঘিয়া পশুর হাট এবং অস্থায়ী হলো : – রূপাতলী পশুর হাট, কালিজিরা বাজার পশুর হাট ও কাগাশুরা পশুর হাট।