বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

এ.এ.এম হৃদয় | ২১:৫৮, মে ১৭ ২০২৬ মিনিট

বরিশালে বেড়েই চলছে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ জনে। যার মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) মৃত্যু হয়েছে ২২ জনের। রোববার (১৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। সবশেষ মৃত শিশু পটুয়াখালী সদরের বড় বিঘাইয়ের বাসিন্দা মো. কাওসার হোসেনের সাত মাস বয়সী কণ্যা নুসাইবা। শনিবার (১৬ মে) দিবাগত রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৪২ জন। হাসপাতাল ছেড়েছেন ৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৬ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২১৯৫ জন রোগী। এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি কক্ষে চলছে হাম রোগের চিকিৎসা। বেড সংকটে নতুন করে আরও একটি হাম ওয়ার্ড খোলা হয়েছে। একই সাথে বর্তমানে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা ৫৬৭৫ জন যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৬১৫ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম জানান, 'বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব মূলত মার্চে ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।'