ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

দেশ জনপদ ডেস্ক | ২১:২৫, মে ১৭ ২০২৬ মিনিট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি (অপরাধ তদন্ত বিভাগ) মোসলেহ উদ্দিন আহমদ। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী সচিব তৌহিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাকে নতুন ডিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মোসলেহ উদ্দিন আহমদ এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।