বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে রোগীর মৃত্যু, তদন্তের আশ্বাস
নিজেস্ব প্রতিবেদক|২২:৫২, মে ১৩ ২০২৬ মিনিট
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি মো. তৈয়ব আলী (৬০)। হাসপাতাল সূত্রে জানা যায়, পেটে ব্যথা নিয়ে তিনি গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওয়ার্ডের টয়লেটে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য রোগীরা বিষয়টি দায়িত্বরত নার্সদের জানান। রোগীর স্বজনদের অভিযোগ, টয়লেট থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা বলে প্রথমে সেখানে যেতে অনীহা প্রকাশ করেন দায়িত্বরত নার্সরা। পরে অন্য রোগীর স্বজনরা তাকে টয়লেট থেকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন।
এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন রুমন রোগীকে পরীক্ষা করে জানান, তিনি মারা গেছেন। তবে অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই এবং লোকজন নিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করি। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদ মোহাম্মদ আমিরুল্লাহর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, রোগী গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। সকালে টয়লেটে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।