বরিশালে প্রথমবারের মতো এমপির উপস্থিতিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৯, মে ১০ ২০২৬ মিনিট

বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবহার ভয়াবহ হারে বাড়ছে। ফলে তাদের বোধশক্তি লোপ পাচ্ছে। যা সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ। মাদকের কারণে সমাজে যেন কোনো বিপর্যয় না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি। রোববার (১০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় এমপি সারওয়ার বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে বাবা-মাকে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তারা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে সেদিকে নজর রাখতে হবে। শিক্ষা ও প্রচারণার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করারও তাগিদ দেন তিনি। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়ে তরুণদের পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত রেখে মাদকের কুপ্রভাব থেকে তাদের দূরে রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, আধুনিক যুগের এক কৌশলগত ফাঁদ হচ্ছে হানিট্র্যাপ। এটা এমন এক কৌশল যার মাধ্যমে টার্গেট ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে গোপন তথ্য সংগ্রহ করা হয়। অচেনা ব্যক্তির সঙ্গে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এ সভায় সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান সহ সামরিক বাহিনীর কর্মকর্তা ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।