বরিশালে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে মারামারি, বাস ভাঙচুর

নিজেস্ব প্রতিবেদক | ২২:৫৪, মে ০৯ ২০২৬ মিনিট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালে বিএমএফ পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রড, পাইপ ও লাঠি দিয়ে বাসটি ভাঙচুর করা হয়। শুক্রবার (৮ মে) রাতে নগরীর নথুল্লাবাদ বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাস কালীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাস টার্মিনাল এলাকায় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এতে এক শিক্ষার্থী আহত হয়। বাস চালক রাজা মল্লিক বলেন, উজিরপুরের ইচলাদী পাম্প থেকে তেল নেওয়ার পর বাস বের করার সময় বাসের সামনে কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন শাকিল নামের এক ছাত্র। জানালা থেকে চিৎকার করে তাকে সরতে বললেও সে বাসের সামনে থেকে না সরলে হর্ন দেওয়া হয়। এ নিয়ে সে আমাদের সঙ্গে তর্কাতর্কি করে। পরে বাসের একটি ছবি তুলে বলে ‘বরিশালে গেলে বুঝবি আমি কে’। এই বাস নিয়ে আমরা ঢাকা-বরিশাল রুটের মুকুন্দ দাস কালী বাড়ির সামনে পৌঁছালে রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জন ব্যক্তি বাসের মধ্যে উঠে আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে পুরো বাসটি ভাঙচুর করে এই সন্ত্রাসীরা। এদিকে এ ঘটনার পর বাস টার্মিনালে শ্রমিক ও ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বাসে হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত বিএম কলেজের শিক্ষার্থীরা বলেন, শ্রমিকরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এতে শিক্ষার্থী শাকিল গুরুতর আহত হয়। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, বাস চালক ও শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল ও বিএমএফ পরিবহনের চালক রাজা মল্লিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।