লিবিয়ায় জিম্মি বরিশালের যুবক আসাদুল, ৩০ লাখ টাকা না পেলে হত্যার হুমকি
নিজেস্ব প্রতিবেদক|২১:৪৮, মে ০৬ ২০২৬ মিনিট
ভালো জীবনের আশায় লিবিয়ায় পাড়ি জমানো বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক যুবক এখন মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি। দুই মাস ধরে নির্যাতনের শিকার এই যুবকের নাম আসাদুল বক্তিয়ার।
পরিবার জানায়, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় আত্মীয়ের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে একটি দোকানে টেইলারিং কাজ করে মাসে ২০-২৫ হাজার টাকা দেশে পাঠাতেন।
গত রমজানের ৯ তারিখ ভোরে ৫-৬ জনের একটি সশস্ত্র চক্র তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে একটি অজ্ঞাতস্থানে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হচ্ছে বলে আসাদুলের পরিবার অভিযোগ করেন।
পরিবারের সদস্যদের কাছে ভিডিও কলের মাধ্যমে আসাদুলের ওপর নির্যাতনের দৃশ্য দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ইতোমধ্যে ধারদেনা করে ৪ লাখ টাকা পাঠানো হলেও বাকি টাকা দুই দিনের মধ্যে না দিলে তাকে হত্যা করে মরুভূমিতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে অপহরণকারীরা।
লিবিয়ায় থাকা তার শ্যালক বিষয়টি স্থানীয় থানায় জানালে তাকেও হুমকি দেওয়া হয়। নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। এরপর থেকে আসাদুলের ওপর নির্যাতন আরও বাড়ানো হয়েছে বলে জানান স্বজনরা।
আসাদুলের বাবা আবু বক্তিয়ার বলেন, ভিডিও ফোনে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ইতোমধ্যে ধারদেনা করে ৪ লাখ টাকা পাঠানো হয়েছে।
বাকি টাকা দুই দিনের মধ্যে না দিলে আসাদুলকে হত্যা করে মরদেহ ৪ টুকরা করে মরুভূমিতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে অপহরণকারীরা।
আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই। মা বকুল বেগম ও স্ত্রী নিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধার কার্যক্রমের দাবি জানিয়েছেন। পরিবারের দাবি, দুই মাস ধরে তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বিষয়টি লিখিত আকারে জানানো হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।