নগরীতে বিপুল মাদক ইনজেকশনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নিজেস্ব প্রতিবেদক|০৮:৩১, মে ০৬ ২০২৬ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ইনজেকশনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) কোতোয়ালী মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হানিফুর রহমান হৃদয় রিদু (৩২) এবং তার স্ত্রী ফাবিহা মিনহা রেখা (২৬)। তারা নগরীর মুন্সী গ্যারেজ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফরেস্টার বাড়ি রোডের ‘আকসা ভিলা’ নামক একটি ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে একটি কাগজের কার্টুন ও একটি সিনথেটিক ব্যাগ থেকে বিপুল পরিমাণ মাদক ইনজেকশন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০০ পিস জি-মরফিন ইনজেকশন, ১৫৫ পিস ডায়াজিয়াম (ইজিয়াম) ইনজেকশন, ৪৫ পিস ডায়াজিয়াম (সিভিল) ইনজেকশন এবং ২৪০ পিস ফ্যানারেক্স ইনজেকশন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এসব ইনজেকশন দীর্ঘদিন ধরে নেশা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।