বরিশালে বেপরোয়া গতির হানিফ পরিবহনের চাপায় দাদি-নাতি নিহত

এ.এ.এম হৃদয় | ২০:৫১, মে ০৫ ২০২৬ মিনিট

বরিশালের উজিরপুরে বেপরোয়া হানিফ পরিবহনের চাপায় দাদি এবং নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাজধানী ঢাকায় যাওয়ার প্রাক্কালে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সম্মুখে পথচারী দাদি-নাতনিকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার নাতনি আরফার (৭) ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোকসানা বেগম নাতনিকে সাথে নিয়ে পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সম্মুখে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। তখন হানিফ পরিবহনের বেপরোয়া গতির বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত রোকসানা বেগম পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন এবং তার ছেলে রুবেল কাজীর মেয়ে আরফা। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মহসিন হোসেন এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সম্মুখে মহাসড়ক পার হওয়ার সময় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) বেপরোয়া গতির বাসটি দাদি-নাতনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই বিয়োগান্তের ঘটনায় বাসটিকে আটক করাসহ চালক-হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে, জানান ওসি।’