নিজেস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জাকির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
আটককৃত জাকির হোসেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মন্টুপাশা এলাকার আব্দুল মালেক মুন্সীর ছেলে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বালুরমাঠ সংলগ্ন এলাকায় স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট ছোট ৮০টি পুরিয়া মোট ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেন তিনি দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন।
আটক জাকিরের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস।