কীর্তনখোলায় ডুবে যাওয়ার ১২ দিন পর এমভি মানিক লঞ্চটি উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক | ২২:০৫, এপ্রিল ১৪ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের চরমোনাই মাহফিলে এসে ডুবে যাওয়া এমভি মানিক লঞ্চটি ১২ দিন পরে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার কীর্তনখোলা নদী থেকে লঞ্চটি উদ্ধার করা হয়। জানা গেছে, লঞ্চ মালিকের ব্যক্তিগত খরচে এটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার সিকদার। তিনি বলেন, সোমবার ডুবে যাওয়া লঞ্চটি মালিক পক্ষ নিজ উদ্যোগে উঠিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল চরমোনাই মাহফিলে এসে ঘাটে থাকা অবস্থায় ডুবে যায় এমভি মানিক। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিলের আগের রাতে মুন্সীগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল এমভি মানিক। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ হেলে পড়ে এবং একপর্যায়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, লঞ্চটি যাত্রী নামানোর পর ঘাটে ফাঁকা অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বরিশাল নদীবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, লঞ্চ মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে নদী থেকে লঞ্চ উদ্ধার তারা ব্যক্তিগতভাবে করেছে।