৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা জারি

দেশ জনপদ ডেস্ক | ২১:২৯, এপ্রিল ০৯ ২০২৬ মিনিট

দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুপুর ১টার মধ্যে দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।