বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ মারা গেছেন

নিজেস্ব প্রতিবেদক | ২১:১৮, এপ্রিল ০৩ ২০২৬ মিনিট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আকষ্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত ইমতিয়াজ আহমেদ নাফিজ গৌরনদী উপজেলার ব্যবসায়ী মো. জাকির হোসেনের বড় ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (ব্রেন স্ট্রোক) তাঁর এই আকস্মিক মৃত্যু হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে পুরো বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত ১৬ মার্চ শারীরিক অসুস্থতার কারণে ইমতিয়াজকে ঢাকার একটি নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১ এপ্রিল চিকিৎসকের পরামর্শে তাঁকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় আজ সকালে তিনি না ফেরার দেশে চলে যান। তাঁর এই অকাল মৃত্যুতে সহপাঠী, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করছেন অনেকে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।