নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
নিহত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা এবং সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৮ মার্চ) সকালে নিজেদের জমিতে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন সজীব। এ সময় একই এলাকার প্রতিপক্ষের ৮-১০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার পর সজিবের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।