বরিশালে ছাগল ব্যবসায়ীর কামড়ে গৃহবধূ হাসপাতালে

নিজেস্ব প্রতিবেদক | ২২:৫৭, মার্চ ৩০ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ছাগল ব্যবসায়ির কামড়ে তাসলিমা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ছাগল ব্যবসায়ীর হামলায় গৃহবধূর স্বামী খোকন হাওলাদারও আহত হয়েছে। স্বামী-স্ত্রী দুজনকেই উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত পৌনে এগারোটার বরিশাল বিমানবন্দর থানাধীন গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাসলিমা বেগম বলেন, শনিবার রাত পৌনে এগারোটার দিকে আমার স্বামী জুনিয়র বাজারে সয়াবিন তেল কিনে নিজ ঘরে ফিরছিলেন। এসময়ে পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ কাঞ্চন হাওলাদার তার স্ত্রী কোহিনুর বেগম, ছেলে ফারুক হাওলাদার,মেয়ে আদুরী বেগম ও রাবেয়া বেগম ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার স্বামীর মাথায় ও কানে মারাত্মক জখম হয়। হাতের একটি আঙুল কুপিয়ে ভেঙে ফেলেছে। তাছাড়া আমার স্বামীর কাঁধ ও পায়ে গুরুতর জখম রয়েছে। ওই রাতে প্রতিপক্ষের হামলা হতে আমার স্বামীকে বাচাতে গেলে আমাকে (তাসলিমা) কাঞ্চন হাওলাদার ঝাপটে ধরে শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়। এতে আমার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। আহত খোকন হাওলাদার বলেন, আমার ওপর হামলার করেও ক্ষান্ত হয়নি ওরা, এ সময় আমার সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে হামলার পর থেকে কাঞ্চন হাওলাদার ও তার পরিবার পলাতক রয়েছে। যেকারণে ঘটনাস্থলে গিয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরে কাঞ্চন হাওলাদারের মুঠোফোনে কল করে গৃহবধূকে কামড়ে দেওয়ার কথা জানতে চাইলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এদিকে বিমানবন্দর থানার ওসি জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখতেছি।