দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

দেশ জনপদ ডেস্ক | ২১:৫৩, মার্চ ২৫ ২০২৬ মিনিট

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনাস্থলে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা।

স্থানীয় কলেজ ছাত্র বেনজির হোসেন বলেন, বাসটি উল্টে যাওয়ার সময় ৪০ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ৫-৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পেরেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়।

আজ দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে বাসটি। পথে আরও বেশ কিছু যাত্রী উঠেন। তবে দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। শুরু করে উদ্ধারকাজ।

এদিকে, ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।