পটুয়াখালীতে ৮০০ বস্তা ‘পপি বীজ’ জব্দ

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫০, মার্চ ১৯ ২০২৬ মিনিট

পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ৮০০ বস্তা নিষিদ্ধ পপি বীজ সদৃশ দানা জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার কালাইয়া বন্দর এলাকার ধানহাট সংলগ্ন স্থান থেকে একটি ট্রলার ও ট্রাকসহ এসব বস্তা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে কালাইয়া ধানহাট সংলগ্ন খালে নোঙর করা একটি ট্রলার থেকে ট্রাকে বস্তা ওঠানো হচ্ছিল। কয়েকটি বস্তায় সুপারি থাকলেও অন্য বস্তাগুলোতে ছোট দানার মতো কিছু দেখে শ্রমিকদের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে ঘটনাস্থলে ভিড় জমে। একপর্যায়ে বস্তা খুলে দেখা যায়, সেগুলোতে পপি বীজ সদৃশ দানা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলার ও ট্রাকসহ বস্তাগুলো জব্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের চালক প্রথমে বস্তার ভেতরে সুপারি রয়েছে বলে দ্রুত ট্রাকে তোলার নির্দেশ দেন। তবে কিছু শ্রমিক অন্য বস্তাগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি তাদের চুপ থাকতে বলেন। এতে শ্রমিকদের সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা স্থানীয়দের অবহিত করেন। ঘটনার পর থেকেই ট্রলারের চালক ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। এ ঘটনায় কালাইয়া বন্দরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা উত্তম দাসের নামও সামনে এসেছে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পপি বীজ ও মাদকদ্রব্য বাউফলে এনে খালাস করে পরে সড়কপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ট্রলারে প্রায় ৮০০ বস্তা পাওয়া গেছে। এগুলো পপি বীজ কি না, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।