বরিশাল মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি তদন্ত কমিটি

এ.এ.এম হৃদয় | ২০:৩১, মার্চ ১৮ ২০২৬ মিনিট

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, মেডিসিন ওয়ার্ডের কর্নারে একটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক (উপ-পরিচালক) ডা. একেএম নজমুল আহসান গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রহমান খান ও সদস্য সচিব সার্জারি বিভাগের আরএস ডা. ইখতিয়ার হোসেনকে। বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানান, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যে দুজন রোগী মারা গেছেন, আগুনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবুও তারা কীভাবে মারা গেছে, সে বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে।