শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড, শ্বাস বন্ধ হয়ে ২ রোগীর মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক|২০:২৭, মার্চ ১৮ ২০২৬ মিনিট
বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের অগ্নিকাণ্ডের সময় অন্যত্র সরিয়ে নেয়ার সময় দুই রোগী মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগলে এই ঘটনা ঘটে। এই তথ্য মঙ্গলবার রাত দেড়টায় নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম।
নিহতরা হলেন, স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থপেডিকের রোগী কাজী আতাউর রহমান (৮০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে হঠাৎ করে মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান। ঝড়ো হাওয়ায় সেই আগুন দ্রুত জ্বলতে শুরু করে। এসময় অসুস্থ রোগীদের নিয়ে স্বজনরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে দেয়।
এসময় বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুনে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ওসি মামুন বলেন, মেডিসিন ভবনের পুরাতন চিকিৎসা সামগ্রী ভর্তি একটি রুমে আগুন লাগে। এসময় রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার সময় তারা মারা গেছেন বলে জেনেছি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি সিগারেটের আগুনে এই ঘটনার সূত্রপাত। পুরাতন কিছু চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। তাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে জানতে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে কল দিলে তাকে পাওয়া যায়নি।’