গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন রোহিঙ্গা বাংলাদেশে এসে নিবন্ধিত হয়েছেন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সোমবার (১৫ মার্চ) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির তুলনায় নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বেড়েছে ১ হাজার ১২৯ জন। গত বছরের জানুয়ারি মাসে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩২৭ জন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে মোট ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে।সংস্থাটি জানায়, ২০২৪ সাল থেকে রাখাইন রাজ্যে লক্ষ্যভিত্তিক সহিংসতা ও নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এর ফলে নিরাপত্তার খোঁজে অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইউএনএইচসিআর ১০ লাখ ৪০ হাজার ৪০৮ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে, যারা ১৯৯০ সাল এবং ২০১৭ সালের পর বিভিন্ন সময়ে মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসেছে। এর মধ্যে ৩৯ হাজার ৫০২ জন ১৯৯০ সালের পর এবং ১০ লাখ ৯০৬ জন ২০১৭ সালের পর বাংলাদেশে প্রবেশ করেছেন।
ইউএনএইচসিআর বলছে, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। এর ফলে ২০২৪ সালের শেষ দিকে শরণার্থী শিবিরগুলোতে নতুন আগতদের একটি ঢেউ লক্ষ্য করা গেছে। তাদের বায়োমেট্রিক শনাক্তকরণ কার্যক্রমও চলমান রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, শরণার্থীদের মধ্যে প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু। এছাড়া প্রায় ১২ শতাংশ মানুষ প্রতিবন্ধী, একক পিতা–মাতা, গুরুতর অসুস্থ, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক বা ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তি। প্রতিবেদনে এসব মানুষের আইনি ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।