বরিশালে মোটরসাইকেল চোরকে ধরে গণধোলাই দিল জনতা

নিজেস্ব প্রতিবেদক | ২০:০৯, মার্চ ১০ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ওই চোরকে আটক করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত পৌনে দশটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের রাজিব ফার্মেসীর সামনে থেকে ফার্মেসী মালিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গৌরনদীর দিকে আসছিলো এক যুবক। পরবর্তীতে তাকে ধাওয়া করে গৌরনদী বাসষ্ট্যান্ডে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা মোটরসাইকেল চোর ওই যুবককে গণধোলাই দেয়। উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্যাকমো জাহিদুল ইসলাম জানিয়েছেন, গুরুত্বর অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুত্বর। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান- গুরুত্বর অবস্থায় জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম ও পরিচয়া পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।