মেঘনায় অভিযান চলাকালে হামলার চেষ্টা, আটক ২

এ.এ.এম হৃদয় | ২২:৪৪, মার্চ ০৭ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় অভয়াশ্রম রক্ষায় মেঘনা নদীতে অভিযানের সময় হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযান চালিয়ে ট্রলারসহ দুই জেলের কাছ থেকে বেহুন্দী জাল ও দুটি লোহার অ্যাংকরও জব্দ করা হয়েছে। পরে তাদের জরিমানা করা হয়। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চলে। বিষয়টি নিশ্চিত করে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, অভয়াশ্রমে বেহুন্দী জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযানিক দল সেখানে গেলে জেলেরা সংঘবদ্ধ হয়। ওইসময় বিভিন্ন নৌকার জেলেরা সংঘবদ্ধ হয়ে একটি বড় ট্রলার নিয়ে অভিযানিক দলের স্পিড বোটকে তাড়া করে। তারা বাঁশের লাঠি দিয়ে আঘাতের চেষ্টা করে। তিনি বলেন, ওইসময় বড় ট্রলারটিতে প্রায় ১০ জনের মতো লোক ছিল। তাদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষের সম্ভাবনা ছিল। সংঘর্ষ এড়াতে অভিযানিক দল কৌশলে পাশের একটি ট্রলার থেকে দুজনকে আটক করে। সেইসঙ্গে ট্রলারসহ বেহুন্দী জাল ও ২টি লোহার অ্যাংকরও জব্দ করা হয়। পরে আটকদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত আটক মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার বাসিন্দা মো. মারুফ হোসেন (২৪) ও মো. জাহাঙ্গির মাঝিকে (৫০) ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া জব্দ করা বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেইসঙ্গে ট্রলারটি পরবর্তীতে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে রাজস্ব জমা করার জন্য জব্দ রাখা হয়েছে।