বরিশালে আত্মহত্যার দৃশ্য ভিডিও ধারণ করার সময় গলায় ফাঁস লেগে টিকটকারের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক | ২২:১৩, মার্চ ০৬ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ওড়না আটকে রাজ মন্ডল জয় (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তার নিজ বাসায় টিকটকের জন্য দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত জয় উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের টিকটক ভিডিও আপলোড করে আসছিল। তার আইডিতে ব্যাপক ভিউআর ও ফলোয়ার রয়েছে। বুধবার সন্ধ্যায় তার নিজ বাড়ির দ্বিতীয় তলায় টিকটকের জন্য দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। অনেকক্ষণ পরে নিচে না নামায় তার ছোট বোন নুপুর মন্ডল তাকে ডাকতে গিয়ে দেখে, বাসার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা খরে। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত জয়ের মা স্মৃতি মন্ডল কান্না জড়িত কন্ঠে বিলাপ করে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবি জানাই। আমার মতো আর যেন কোন মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়। জয় মন্ডলের বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুপুর মন্ডল জানান, স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দাদিকে জানাই। পরে দাদিসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাই জয়কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের বলেন, গলায় ফাঁস দিয়ে একজনে আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে বুধবার রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।