বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় গুদামঘর নির্মাণের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫৮, মার্চ ০৫ ২০২৬ মিনিট

বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চকমান গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের সরকারি রাস্তা দখল করে পাকা গুদামঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (৪ মার্চ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আরাফাত আলী ও বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়ার বোন সুলতানা খানম ও তার স্বামী মোঃ লিয়াকত আলী বেপারী বাদী হয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার সূত্রে জানা যায়- চকমান গ্রামের লিয়াকত আলী পৈত্রিক কিছু জমি সরকার কর্তৃক অধিগ্রহণ পূর্বক জনগণের চলাচলের জন্য সরকারি ভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। একই দাগে বাকি জমির উপর বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। এছাড়া একই রাস্তা নির্মাণ করার জন্য মুন্সিরতালুক গ্রামের নাগর আলী হাওলাদারের ছেলে শাহেব আলী হাওলাদার ও শাহেব আলী হাওলাদারের ছেলে সজল হাওলাদারের কাছ থেকেও সরকার জমি অধিগ্রহণ করে রাস্তা নির্মাণ করে। রাস্তাটি চুনপোড়া থেকে শহীদ স্মরনিকা ডিগ্রী কলেজ পর্যন্ত অবস্থিত। এ ব্যপারে ভুক্তভোগী লিয়াকত আলী ও তার স্ত্রী প্রতিবন্ধী সুলতানা খানম জানান প্রতিপক্ষ প্রভাবশালী শাহেব আলী হাওলাদার ও তার ছেলে সজল হাওলাদার মিলে আমাদের বসতবাড়ির সামনে একমাত্র চলাচলের রাস্তা জুড়ে জোরপূর্বক ক্ষমতার দাপটে দখল করে পাকা গুদামঘর নির্মাণ করছে। যাতে করে আমাদের চলাচল বন্ধ হয়ে অবরুদ্ধ অবস্থায় আছি। এছাড়া তাদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। অভিযুক্তদের পাওয়া যায়নি। এদিকে চলাচলের রাস্তা সুগম করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- উভয় পক্ষকে নিয়ে অচিরেই বিষয়টি সুরাহা করা হবে।