বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

নিজেস্ব প্রতিবেদক | ২২:০০, মার্চ ০৪ ২০২৬ মিনিট

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁদের বদলির কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ জেলার এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) এবং ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলায়, ডিএমপির উপকমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলায়, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গতকাল মঙ্গলবার বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশ ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে এবং এপিবিএন-৫-এর (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক মোহাম্মদ হারুন-অর-রশীদকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়।’